গণহারে ইস্তফা দিচ্ছে এক্স কর্মীরা

৪ ডিসেম্বর, ২০২৩ ২১:০১  

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্মীদের নিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। বোনাস পাওয়ার পর হঠাৎ করেই গণ-ইস্তফা দিতে শুরু করেছেন টুইটারের কর্মীরা। যাদের অধিকাংশই সেলস বিভাগের। খবর ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়, টুইটার কিনে নেয়ার পরই এক ধাক্কায় ৫০ শতাশ কর্মী ছাঁটাই করেছিলেন ইলন মাস্ক। পরবর্তী সময়ে কয়েক দফায় আরও কর্মী ছাঁটাই করেন তিনি। এরই মধ্যে এক্সের কর্মীদের গণ-ইস্তফার খবর সামনে এলো।

খবরে আরও বলা হয়, ২০২২ সালে ইলন মাস্ক টু্ইটারের মালিকানা গ্রহণের পর অর্ধেক কর্মী ছাঁটাই এবং ২০২৩ সালে গণ-ইস্তফার জেরে চরম সংকটের মুখোমুখি এক্স।

এরই মধ্যে সম্প্রতি অ্যাপল, ডিজনির মতো বড় বড় কোম্পানি এক্সে আর বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মীরা গণ-ইস্তফা দিয়েছেন। এর মধ্যে বেশির ভাগ ইস্তফা এসেছে সেলস বিভাগ থেকে। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে টুইটারের ভবিষ্যৎ নিয়ে।

ডিবিটেক/বিএমটি